নরসিংদীর মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের সদ্যসাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে ওই ছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। এর আগে গত মঙ্গলবার রাতে ওই শিশু বাদী হয়ে আনিসুজ্জামান মিটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে।
অভিযুক্ত আনিসুজ্জামান মিটুল মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও এলাকার মৃত আবদুল গণি সরকারের ছেলে। তিনি একদুয়ারিয়া ইউনিয়নের সদ্যসাবেক চেয়ারম্যান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিটুল চেয়ারম্যান হিসেবে ওই শিশুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান এবং বাড়িতে একা পেয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরদিন মিটুল চেয়ারম্যান বাড়িতে গিয়ে শিশুটিকে গর্ভনিরোধ ট্যাবলেট খাইয়ে আসেন। আবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে পাশের বাড়িতে চলে যায় শিশুটি। পরে ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা মঙ্গলবার রাতে আনিসুজ্জামান মিটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।
মনোহরদী থানার ওসি আনিচুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
