ঢাকা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে গাউছিয়া মার্কেটে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘন্টাব্যাপী সংঘর্ষ নিউমার্কেট থানা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দীর্ঘ সময় মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
নিউমার্কেটসহ আশপাশের একাধিক ব্যবসায়ী বলেন, দোকানের কর্মচারীদের সঙ্গে এক দল শিক্ষার্থী বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের এক দল শিক্ষার্থী দোকান ভাঙচুর শুরু করে।
তাদের দাবি, ছাত্রলীগের কর্মীদের হামলায় কর্মচারীর মাথা ফেটে যায়। আহত ৫ দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের হামলায় দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
যদিও অনেকে বলছেন, হামলাকারীরা ছাত্রলীগের পরিচয় দিয়ে হামলা চালিয়েছে। তারা মূলত সন্ত্রাসী।
দেকানিরা জানান, হটাৎ একদল লোক এসে হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই দোকানিদের ওপর হামলা হয়।
ড্রিম ফেয়ার কসমেটিকস দোকানের মালিক কামাল মিয়া (৪৫) জানাযন, ঢাকা কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ আমাদের ওপর অতর্কিত হামলা চালায় তাতে আমার দোকানের কর্মচারী আকাশ গুরুতর আহত হলে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসার জন্য পাঠানো হয়।
তিনি আরো বলেন, আমার দোকানে প্রায় আড়াই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
নিউ শর্মা কিং ফাস্ট ফুডের ম্যানেজার বলেন, ঢাকা কলেজের ছাত্ররা জয় বাংলা স্লোগান হঠাৎ অতর্কিত হামলা চালায় কাস্টমার আতংকিত হয়ে দৌড়ে আত্মরক্ষা করে। আমার দোকানের আমিসহ চারজন মো. শরিফ (২২),
শিপলু (৩৫), শিহাব (২৩) আহত হয়। একজনের অবস্থা গুরুতর বিধায় ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খাজা মইনুদ্দিন ইমেটেশন জুয়েলারির মালিকের অভিযোগ, কোনো কারণ ছাড়াই আমাদের দোকানে ছয়জন রড, ছেনি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।হামলায় আমিসহ তিন কর্মচারী আহত হয়।
সরেজমিনে দেখা যায়, গাউছিয়া মার্কেটের প্রায় ২০ থেকে ২২টি দোকানে হামলা হয়েছে।
গাউছিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু জানান, ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা বসেছি। তারা আমাদের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যারাই অপরাধ করে থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। ব্যবসায়ীদের আইন হাতে না তুলে নেয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি।
হামলার ঘটনা অস্বীকার করে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভ্র দেব হালদার বাপ্পি জানায়, এক দোকানি শিক্ষার্থীদের গায়ে হাত দেয়। এরপর শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। হামলা এবং লুট করার ঘটনা মিথ্যা।
নিউমার্কেট থানার ওসি জানান, যারাই হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে। এতোমধ্যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছে। সিসি ক্যামেরা পর্যালোচনা করা হবে।
