নিপুণের বিরুদ্ধে ‘আদালত অবমাননা’র মামলা জায়েদের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ পিএম

আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে নিপুণ‌ আক্তারের বিরুদ্ধে ‘আদালত অবমাননা’র মামলা করেছেন জায়েদ খান।

এ চিত্রনায়কের অন্যতম আইনজীবী আহসানুল করিম বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহসানুল করিম বলেন, আপিল বিভাগের নিষেধাজ্ঞার পরও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে আবেদনটির বিষয়ে শুনানি হতে পারে।

এদিকে জায়েদের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল শুনানি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হ‌ুমায়ূন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর জায়েদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এরপর হাইকোর্টের দ্বারস্থ হন জায়েদ। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে পদ ফিরে পান তিনি। পরে আপিল করেন নিপুণ। ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত