ইউক্রেনের একটি হাসপাতালে রাশিয়া বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সামরিক কমান্ড।
তারা বলছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ভুহলেদারের একটি হাসপাতালে রাশিয়ান শেল আঘাত করলে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জন চিকিৎসক রয়েছেন।
রয়টার্স ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, রাশিয়া দিনের শুরু থেকে ২০৩টি হামলা চালিয়েছে এবং প্রায় পুরো ভূখণ্ড জুড়ে হামলা চলছে।
স্থানীয় সময় দুপুর ২টায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি পৃথক বার্তায় বলা হয়, একটি রাশিয়ান কে-৫২ হেলিকপ্টার এবং গোস্টোমেলের কাছে তিনটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেন সরকারের বিবৃতিতে বলা হয়, শাস্তে শহরের কাছে লুহানস্ক অঞ্চলে দুপক্ষে লড়াই চলছে। শত্রুদের (রাশিয়া) ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে।
