সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সিরিয়ার তিন সেনা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল চার দফা হামলা চালাল। দামেস্ক ও এর আশপাশে বহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সিরিয়া জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের হামলা প্রতিহত করেছে।
গত বুধবার সিরিয়ার কর্মকর্তারা জানান, ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত সপ্তাহ থেকে রাজধানী দামেস্ক ও এর আশপাশে বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে শত শত এয়ার ও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল।
