সহিংসতা ছেড়ে সংলাপের পথে আসুন: পুতিনকে মোদি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৩ এএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বৃহস্পতিবার রাতে এ তথ্য জানায়।

এদিন পুতিন ও মোদির মধ্যে ফোনে কথা হয়েছে। ওই সময় সহিংসতার বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানো যেতে পারে বলে মন্তব্য করেন মোদি।

একই সঙ্গে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়ার প্রসঙ্গেও কথা হয় তাদের।

বিবৃতিতে বলা হয়, মোদি ‘অবিলম্বে সহিংসতা বন্ধের জন্য আবেদন করেছেন এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।’

আরও বলা হয়, ভারত ও রাশিয়ার সরকারি ও কূটনৈতিক সম্পর্ক আগের মতোই থাকবে বলে মন্তব্য করেন দুই নেতা। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গেই কাজ করবে।

সংবাদমাধ্যম জানায়, সহিংসতা থামাতে বৃহস্পতিবার ভারতীয় হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন নয়া দিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা।

কৌশলগত ও বাণিজ্যিকভাবে মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ২০৩১ সাল পর্যন্ত তাদের মধ্যে একটি সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি রয়েছে। ২০২৫ সালের মধ্যে দুই দেশের বার্ষিক বাণিজ্য ৩ হাজার কোটি ডলারে উন্নীত হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরে ভারত সফরকালে পুতিন ২৮টি বিনিয়োগ চুক্তিসহ বাণিজ্য ও অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত