দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটিকে পঞ্চম সেঞ্চুরি বানালেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে এটাই তার প্রথম শতক।
মোহাম্মদ নবীকে চার মেরে অর্ধ-শতকে পা রেখেছিলেন লিটন। এবার ৯৮ রানে দাঁড়িয়ে রশিদ খানকে চার মেরে সেঞ্চুরি উদযাপন করলেন বাংলাদেশি ওপেনার। তার আগে ফিফটি তুলে নেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
এই দু’জনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন লিটন (১১২) ও মুশফিক (৭১)।
এর আগে নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলে উইকেট পান রশিদ খান। সাকিব আল হাসানকে (২০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান আফগান স্পিনার।
ইনিংসের শুরুতে তামিম ইকবালকে এলবিডব্লিউ করেন ফজলহক ফারুকি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টাইগার ওপেনার-অধিনায়ক। ২৪ বলে ১২ রান করে ফেরেন তামিম। এই বাঁহাতি ওপেনার ফেরার পর সাকিবের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন লিটন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
