বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে জেলা ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ পিএম

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার; আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

এই সব দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসে মশাল মিছিল করে শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা।

মশাল মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জড়িতদের আটকের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসনের মধ্যে কোনো ইতিবাচক খবর দিতে পারেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে যাব না।

এদিকে ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পিয়াস সিকদার (২২), অন্তর (২১) ও জীবন (২০) নামের তিন ব্যক্তিকে আটক করেছিল। এর বাইরে নতুন কোনো খবর পাওয়া যায়নি।

তবে কয়েকটি গণমাধ্যমে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেছেন, ‘এই মামলার বিষয়ে এখনই কিছু বলব না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আপনাদের ভালো খবর দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত