কামারের ছবিকে বলা হচ্ছে ‘আর্টিস্টিক মাস্টারপিস’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৩ পিএম

নিউইয়র্কের মিউজিয়াম অফ মুভিং ইমেজের (মমি) ফার্স্ট লুক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কোন বাংলা ছবি হিসেবে দেখানো হচ্ছে ‘অন্যদিন...’। মার্চে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

উৎসবে কামার আহমাদ সাইমনের এই ছবি জায়গা পেয়েছে এমন এক সেগমেন্টে যেখানকার ছবিগুলোকে বলা হচ্ছে ‘আর্টিস্টিক মাস্টারপিস’।

মমির ওয়েবসাইটের ভাষায়, “বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর ডাইনামিক ছবিগুলো হয়েছে নন-ফিকশনে... সময়টা এখন হার্ট-ফেল করার মতো আর্টিস্টিক মাস্টারপিসের, এই সব জমাট বুননে বানানো ছবির, যাদের দেখতে প্রথমে অসংলগ্ন মনে হলেও শেষে ‘ডকুমেন্টারি’ ভাবাটা ভুল হবে।”

মমির ফার্স্ট লুক একটি নন-কম্পিটিটিভ ফেস্টিভ্যাল, এখানে মাত্র ১৮টা ফিচার ছবি দেখানো হচ্ছে। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে ২০২১-এর কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ছবি ‘মুরিনা’ আর সমাপনী ছবি লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাপ্রি বিজয়ী ‘ব্যালকনি’।

এ ছাড়া ‘পেত্রভস ফ্লু’ ২০২১ এর কানে পাম দ্য’রের দৌড়ে ছিল এবং সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে। ‘মি. ল্যান্ডবার্গিস’ ইডফায় শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে, ‘বাবই ইয়ার কন্টেক্সট’ কানে বিশেষ পুরস্কার ও ‘ফেদার’ কানের ক্রিটিকস উইকে গ্রাপ্রি পেয়েছে। এদের মধ্যে এবারই প্রথম ও একমাত্র নির্বাচিত বাংলা ছবি কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’।

গত নভেম্বরে বিশ্বের অন্যতম লিড ফেস্টিভ্যাল আমস্টারডামের ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত এবং পৃথিবীর সুন্দরতম থিয়েটার আমস্টারডামের তুসান্সকিতে বিশ্ব অভিষেক হয়েছিল চলচ্চিত্রটির। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ পেয়েছিল ‘অন্যদিন...’, লোকার্নোতে ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছিল; যার জন্য প্রথমবারের মতো বাংলাদেশের কোন নির্মাতা হিসেবে কামারকে পিয়াতজা গ্রান্দায় সম্মাননা দেওয়া হয়।

খুব শিগগিরই ‘অন্যদিন...’ সেন্সরে জমা পড়বে বলে জানিয়েছেন প্রযোজক সারা আফরিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত