ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়ছেন চেচেন মুসলিমরা!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ পিএম

রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচনিয়া অঞ্চলের কয়েক হাজার বাসিন্দাকে ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চেচনিয়াদের নেতা রমজান কাদিরভ।

চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, তার বাহিনী ইউক্রেনে মোতায়েন করা হয়েছে। রাশিয়ান বাহিনী সহজেই কিয়েভসহ ইউক্রেনীয় শহরগুলো দখল করে নিতে পারতেন। কিন্তু ব্যাপক প্রাণহানি এড়ানোর জন্য সেটি ধীরেসুস্থে করা হচ্ছে। খবর: আল-জাজিরা

এর আগে রুশ বাহিনীর অভিযানের সমর্থনে শুক্রবার রাস্তায় নেমে আসে হাজার হাজার চেচেন। চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনির কেন্দ্রীয় চত্বরে অন্তত ১২ হাজার স্বেচ্ছাসেবক জড়ো হয়ে পুতিনের পদক্ষেপকে সমর্থন জানান।

কাদিরভ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এখানে সবাই স্বেচ্ছাসেবক, যারা দেশ ও দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত। আমরা সুপ্রিম কমান্ডার ইন চিফ পুতিনের নির্দেশের অপেক্ষায় আছি।’

সেন্ট্রাল গ্রোজনিতে সমবেতদের সামনে দেয়া বক্তব্যে কাদিরভ অবিলম্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে পুতিনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘জেলেনস্কিকে পরামর্শ দিতে চাই। তিনি যেন আমাদের প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ক্ষমা চান। ইউক্রেন রক্ষায় এটি করুন। রাশিয়া যেসব শর্ত দেবে, তাতে সম্মত হোন। এটি হবে সবচেয়ে সঠিক এবং দেশপ্রেমিক পদক্ষেপ।’

চেচনিয়া রাশিয়ার বিশেষ সাংবিধানিক অঞ্চল। উত্তর ককেশাসে পূর্ব ইউরোপের দক্ষিণ অংশে কাস্পিয়ান সাগরের কোল ঘেঁষে এর অবস্থান। মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে প্রায় ১৪ লাখ মানুষের বসবাস, যাদের বেশির ভাগ চেচেন জাতিগোষ্ঠীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত