গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, আমরা বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনা এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অভিযুক্ত এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাই।
শাবি উপাচার্য বিরোধী আন্দোলনে সারা দেশের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষের সমর্থনের কথা স্মরণ করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে সারা দেশের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যেমন সমর্থন জানিয়েছিল, আমরা ছাত্র সমাজ একইভাবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই দেশ সুন্দর করে গড়ব।
