বিএনপি দেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিল: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

বিএনপি এবং তারেক রহমান গং বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিলেন বলে দাবি করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ৭৫ পরবর্তী সরকার দেশকে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে নিজেদের উন্নয়ন করেছে।

শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মাঠে পুনর্ভবা নদী খননকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য পাঠানো হয়।

বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল আখ্যায়িত করে নৌ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে; এগিয়ে যাবে এর ধারাবাহিকতা কেহ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ৭৫ পরবর্তী সরকার বিদেশ থেকে খাদ্য আমদানি করতেন আর বর্তমান সরকার এর কার্যকরী পদক্ষেপে খাদ্য চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছ।

এর আগে, তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করেন। আবদুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই স্কুলব্যাগ বিতরণ করা হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর তত্ত্বাবধানে খননের কাজ আগামী দুই বছরে শেষ হবে। প্রকল্পের আওতায় সুন্দরা হতে সিংহজানী পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার ৩০ মিটার প্রশস্ত নৌপথের খনন হবে। ১৫ মিলিয়ন ঘনমিটার খননের ব্যবস্থা আছে। এ জন্য ব্যয় হবে প্রায় ১৪০ কোটি টাকা। চুক্তিভুক্ত সাতটি প্রতিষ্ঠান এবং বিআইডব্লিউটিএ খনন কাজ করবে। নদীটি কাটার সাকশান ড্রেজারের পাশাপাশি এস্কাভেটর দিয়ে খনন করা হবে।

পুনর্ভবা নদী খননের ফলে এটি তৃতীয় শ্রেণির নেভিগেশন রুটে উন্নীত হবে। নদীতে আবার পণ্যবাহী জলযান দেখা যাবে। শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকার কারণে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মৎস্য চাষে সুবিধা হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আ. ওয়ারেজ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়ারেছ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত