আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুবই বাজে কাটল ব্যাটসম্যান তামিম ইকবালের। তিন ম্যাচের সিরিজটা ২-১ এ জিতেছে টাইগাররা। তবে অধিনায়ক তামিম ইকবাল ৩ ম্যাচে করেছেন মাত্র ৩১ রান। ক্যারিয়ারে দ্বিপাক্ষিক সিরিজে ৩ ইনিংস খেলে এর চেয়ে কম রান করেছেন মাত্র তিনবার।
তবে এর চেয়ে বড় আলোচনা, তামিম তিন ম্যাচেই আউট হয়েছেন একজন বোলারের বলে। তিনি ফজলহক ফারুকি। প্রথম দুই ম্যাচে এলবিডব্লিউ হওয়ার পর সোমবার তৃতীয় ও শেষ ম্যাচে বোল্ড হয়েছে তামিম।
নিজের ব্যাটিং নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ তামিম। জানালেন উন্নতি করার আছে অনেক। তবে তার হতাশা একই বোলারের বলে আউট হওয়া বা আউট হওয়ার ধরনে নয়।
তামিম বলেন, ‘আউট হওয়ার ধরনের চেয়ে আমি বেশি হতাশ যে দলে অবদান রাখতে পারিনি। ওটা নিয়ে দুর্ভাবনা বেশি নেই আমার, কারণ এই জায়গাটায় আমি আগেও আউট হয়েছি, অনেক রানও করেছি।’
‘তবে গোটা সিরিজে রান না করা ও তিনবার আউট হওয়া হতাশাজনক। কারণ নিজের ব্যাটিংয়ে আমি অনেক গর্ব খুঁজে নেই এবং নিজের কাছে নিজের ব্যাটিংয়ের মানদণ্ড অনেক উঁচুতে।’
এক বোলারের বলে বারবার আউট হওয়ায় লজ্জার কিছু নেই বলেও মনে করেন তামিম। তার কথায়, ‘আমার এত বড় ক্যারিয়ারে খুব কম সময়ই গোটা সিরিজে রান করতে পারিনি। আগে হয়তো দু-একবার হয়েছে এমন। হ্যাঁ, আমি হতাশ। বিশেষ করে আমার কাছে মনে হয়, এক বোলারের বলেই বারবার। এটা মেনে নেওয়ায় লজ্জার কিছু নেই যে, সে আমাকে হারিয়ে দিয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে আমার মনে হয়।’
আরো পড়ুন
