নরসিংদীতে ১৬ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাস চালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ।
এর আগে সোমবার বিকেলে পৌর এলাকার শালিধা এলাকায় এক ময়লার ভাগাড়ের পাশে ওই কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে তারা। এ ঘটনায় অভিযুক্তদের রাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বাসের চালক নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪), সহযোগী মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮) এবং অপরজন পলাশের দক্ষিণ দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী বাস টার্মিনাল ও লঞ্চঘাট হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সদর উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহন নামে একটি মিনিবাসে উঠে।
বাসটি শালিধায় পৌর বাস টার্মিনালে পৌঁছার আগেই সকল যাত্রী নেমে পড়েন।
এ সময় কৌশলে বাসের চালক ও দুই হেলপার মেয়েটির মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগাড়ে নিয়ে যায়।
পরে ৩ জন ধর্ষণ করে মুখ বাঁধা অবস্থায় ফেলে যায় তারা। স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ সোমবার রাতেই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।
মঙ্গলবার সকালে নির্যাতনের শিকার ওই কিশোরী সদর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
