সীতাকুন্ডে লরিকে মাইক্রোর ধাক্কা, চালক নিহত

আপডেট : ০২ মার্চ ২০২২, ১২:২৭ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে দাঁড়িয়ে থাকা লরিকে মাইক্রোবাসের ধাক্কায় চালক নুরুল আবছার (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন।

তিনি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার মিয়াজী পাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কেএসআরএম কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক জানান, সকাল ৬টার দিকে চট্টগ্রামমুখী সড়ক ধরে চকরিয়া যাচ্ছিল একটি নোহা মাইক্রোবাস। এ সময় কেএসআরএম কারখানার সামনের মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোর চালক নুরুল আবছার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নুর উদ্দিন রাসেদ জানান, দুর্ঘটনায় আহত ৬ যাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত