উচ্চ মাধ্যমিকের ঘাটতি কমাতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা হবে: দীপু মনি

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৩:৩৪ পিএম

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে। এই ঘাটতি পুষিয়ে নিতে হবে এবং আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে।

রাজধানীর ঢাকা কলেজে বুধবার সকালে ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০২২ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত দুই বছর তাদের পড়াশোনায় অনেক বিঘ্ন ঘটেছে। অনেকে পারিবারিক-সামাজিক এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে।’

‘শিক্ষার্থীদের যেখানে ঘাটতি রয়েছে সেখানে নজর দেব বেশি। হয়তো এক শিক্ষাবর্ষে সব ঘাটতি পূরণ করতে পারব না। কিন্তু আমরা আশা করছি এই শিক্ষাবর্ষ এবং আগামী শিক্ষাবর্ষ মিলিয়ে যেখানে যতটুকু ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করতে পারব।’

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ঘাটতি কমাতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, তারা যে বিষয় পড়বে, সেখানে আগের ক্লাসের পড়ায় যদি ঘাটতি থাকে- সেটার প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে যদি ক্লাস করিয়ে নিতে পারে, তাহলে সেটা শিক্ষার্থীরা পুষিয়ে নিতে পারবে।”

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বুধবার সশরীরে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। দীপু মনি প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক জায়গায় চলে যাওয়ার চেষ্টা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত