রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ইহুদিদের স্মৃতিসৌধ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১০:২৯ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান বাহিনীর হাতে ইউক্রেনে ৩৩ হাজার নিহত ইহুদিদের স্মরণে নির্মিত সৌধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন দাবি নাকচ করেছে ইসরায়েলি মিডিয়া। খবর বিবিসি।

এর আগে খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভের ববি ইয়ার হলোকাস্ট মেমোরিয়াল একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মঙ্গলবার তিনি বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র সাইটটিতে আঘাত করেছে, যা ‘ইতিহাসের পুনরাবৃত্তি’। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাকালে বিষয়টি তুলে ধরেন জেলেনস্কি।

হামলার খবর চাউর হতেই ভ্লাদিমির পুতিনের নিন্দা করে ইসরায়েলি রাজনীতিবিদ ও মেমোরিয়াল সেন্টারের মুখপাত্র নাটান শারানস্কি বলেন, এটি প্রতীকী যে তিনি নাৎসি গণহত্যার মধ্যে সবচেয়ে বড় ববি ইয়ার সাইটে বোমা হামলার মাধ্যমে কিয়েভ আক্রমণ শুরু করেন।

কিন্তু ইসরায়েলি একজন সাংবাদিক পরে সৌধটি পরিদর্শন করে জানান, কাছাকাছি এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র পড়া সত্ত্বেও এটি ‘অক্ষত’।

বুধবার আমেরিকান ইহুদি ম্যাগাজিন ফরওয়ার্ডের সঙ্গে কথা বলার সময় শারানস্কি জানান, ক্ষেপণাস্ত্রগুলো একটি ইহুদি কবরস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি হলোকাস্ট মেমোরিয়াল কর্তৃপক্ষ অধিগ্রহণ করতে চেয়েছে এমন একটি সোভিয়েত যুগের একটি স্পোর্টস কমপ্লেক্সকে ক্ষতিগ্রস্ত করেছে।

এর আগে ইউক্রেন দাবি করে স্নেক আইল্যান্ডের ১৩ সীমান্তরক্ষী রুশ সেনাদের ডাকে অস্ত্রসমর্পণ না করে বোমার আঘাতে মৃত্যু বেছে নেয়। তাদের মরণোত্তর বীরত্বের খেতাব দেওয়ার ঘোষণাও দেন জেলেনস্কি। এখন শোনা যাচ্ছে তারা বেঁচে আছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর করে রাশিয়া। সাত দিনের মাথায় এসে দেশটির বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা। রাশিয়ার সেনার দখলে যাওয়া এটিই প্রথম গুরুত্বপূর্ণ শহর। এ ছাড়া মারিওপোল ও খারকিভ শহর ঘিরে রাখা হয়েছে। বুধবার খারকিভে ছত্রীসেনা নামায় রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত