প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন মুশফিক

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০১:২৪ পিএম

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলে চোট পেয়েছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি। তাৎক্ষণিকভাবে স্ক্যান করানোর হয় তার। গুরুতর কিছু ধরা পড়লেও সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে জানানো হলো, মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ।

চোটের কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা ছিল তার। সেই শঙ্কায় সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়জিদ উল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘গতকালকে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বল কন্ডিশন হওয়ার পরে এক্স-রে করা হয়। এক্স-রে করার ফলশ্রুতিতে ওর ওখানে খারাপ কোনো কিছু আসেনি। কিন্তু একটু সয়েলিং ও কালার চেঞ্জেস আছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আজকের ম্যাচের জন্য সে ছিটকে গেছে। আগামীকাল অনুশীলনের পরে আমরা ওর সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাব।’

মুশফিককে নিয়ে শঙ্কা থাকায় টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে। প্রথম ম্যাচ শুরুর মাত্র ১৬ ঘণ্টা আগে তাকে দলে নেওয়ার কথা জানায় বিসিবি।

বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। এর আগে চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত