বাগেরহাটে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০২:০৯ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী ও সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে (৩৮) দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে রাব্বি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে পাশের গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাব্বি ধর্ষণের শিকার গৃহবধূর পাশের গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার গভীর রাতে জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর জিলবুনিয়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

এ সময় ওই দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট ও মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় বুধবার রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডাকাতির অভিযোগ এনে একটি মামলা করেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত