নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাসেদ (১৯)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনির মৃত মো. সাহাব উদ্দিনের ছেলে।
ঘটনার পর থেকে অভিযুক্ত তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাজুল ইসলাম একই এলাকার এনামুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, তাজুল রাসেদের খালাতো বোনের স্বামী। তারা একই কলোনিতে বসবাস করে।
পাওনা টাকা চাওয়া নিয়ে তাজুলের সঙ্গে কয়েক দিন আগে রাসেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার বিকেলে রাসেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে তাজুল। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনির হাসেম মাঝির ঘরে রাসেদকে আবারও মারধর করে তাজুল। একপর্যায়ে রাসেদ ছাড়া পেলেও ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়।
খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে চর জব্বর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র জানান, সুরতহাল শেষে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
