বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র দ্বাদশ কংগ্রেস উত্তর কেন্দ্রীয় কমিটি প্রথম সভায় মোহাম্মদ শাহ আলমকে সভাপতি, সর্দার রুহিন হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক ও মিহির ঘোষকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।
দলীয় সূত্রে এ খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ১০টায় দ্বাদশ কংগ্রেসের (সম্মেলন) মধ্য দিয়ে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শুরু হয়। রাজধানীর পুরানা পল্টনের পার্টি কার্যালয়ের ওই সভায় নতুন সভাপতি, সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য নির্বাচন করা হয়।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়।
সেখানে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। তাদের মধ্য থেকে শুক্রবার সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়।
সিপিবির দ্বাদশ কংগ্রেসে সারা দেশ থেকে ৪৮৭ জন প্রতিনিধি ছাড়াও পর্যবেক্ষকরা অংশ নেন।
