আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিতে চায় টাইগাররা।
প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের সহজ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই ক্রিকেটের যেকোনো ফরম্যাটে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হবে টাইগারদের।
সম্প্রতি ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় আফগানরা। তবে এবার টি-টোয়েন্টি সিরিজে সেই সুযোগ হাতছাড়া করতে চায় না মাহমুদউল্লাহ রিয়াদের দল।
২০১৮ সালে নিজেদের হোম ভেন্যু হিসেবে ভারতের হায়দরাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছিল আফগানরা। এবার মিরপুরে তার প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ। টাইগারদের জন্য সুখবর হলো, দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য প্রস্তুত মুশফিকুর রহিম। আঙুলের চোটে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি।
দুই দল এখন পর্যন্ত সাত ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে চারটিতে জিতেছে আফগানিস্তান, আর তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতলে অনুপাতটা হবে সমান-সমান।
বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই সিরিজ জয়ের জন্য তারা কতটা ক্ষুধার্ত। তিনি বলেন, ‘এটা দুই ম্যাচের সিরিজ। সিরিজ জিততে হলে পরের ম্যাচে জিততে হবে। আমি মনে করি না, আমরা কাউকে বিশ্রাম দিচ্ছি এবং আমরা আমাদের সেরা একাদশ নিয়ে খেলতে নামবো।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৪টি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে জয় ৪৪ ম্যাচ আর হার ৭৮টিতে। দুই ম্যাচে কোনো ফল হয়নি।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে শনিবার (৫ মার্চ), মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
