নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যা মামলার মূল আসামি অটোরিকশা চালক রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।
গতকাল বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতের বিচারিক হাকিম নুরজাহান বেগমের কাছে রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সন্ধ্যা ৬টার দিকে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে শাহনাজ পারভীন প্রিয়তা নামে শিক্ষানবিশ নার্স ও সরকারি মুজিব কলেজের অনার্স পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১ মার্চ তার বাবা নুরুন্নবী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।
