কোম্পানীগঞ্জে নার্স হত্যা মামলার মূল আসামি রুবেল গ্রেপ্তার

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১১:৪০ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজের ছাত্রী ও শিক্ষানবিশ নার্স শাহনাজ পারভিন প্রিয়তা (২২) হত্যা মামলার মূল আসামি অটোরিকশা চালক মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রিয়তার ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা।

আসামি অটোরিকশা চালক মো. রুবেল হোসেন বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মকবুল আহমেদের পালক ছেলে। নিহত শাহনাজ পারভিন প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের ভূঁঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, জিজ্ঞাসাবাদে আসামি রুবেল জানান, দীর্ঘদিন ধরে নিহত প্রিয়তার প্রতি তার ‘নজর’ ছিল। ঘটনাক্রমে সেই দিন ভুক্তভোগী নানার বাড়ি যাওয়ার জন্য তার অটোরিকশায় ওঠেন। আর সুযোগ পেয়ে রুবেল সোজা পথে না গিয়ে জমির আল সাদৃশ্য পথে প্রিয়তাকে নিয়ে রওনা হয়। তরুণী প্রতিবাদ করলে সে জানায় এটা তার নানার বাড়ি যাওয়ার সবচেয়ে সোজা পথ। তখন ওই তরুণী রিকশা থেকে নেমে হাঁটা শুরু করলে আসামি রুবেল তাকে পেছন দিক থেকে ঝাপটে ধরে ধস্তাধস্তি করে এবং মুখে ওড়না পেঁচিয়ে বেঁধে একাধিকবার ধর্ষণ করে। এ সময় তরুণী দম বন্ধ হয়ে মারা যায়।

তিনি বলেন, আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে রুবেলের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। আমরা বিচারিক আদালতের মাধ্যমে রিমান্ড প্রার্থনা করে আরও বিস্তারিত জানার চেষ্টা করব।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ইয়াছিন মোল্লার বাড়ির পেছনের ধানখেত থেকে শাহনাজ পারভিন প্রিয়তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১ মার্চ নিহতের বাবা নুরনবী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত