বাংলার সমৃদ্ধি নিয়ে বিএসসির ‘গাফিলতির’ তদন্ত দাবি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:১১ এএম

জাহাজ পরিচালনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সার্বিক অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রীয় মহামূল্যবান সম্পত্তি এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের চরম ক্ষয়ক্ষতি ও জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)। গাফিলতি তদন্তে বিএমএমওএ’র দু’জন প্রতিনিধির সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন। তিনি তদন্ত কমিটি গঠন ছাড়াও আরও তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো নিহত নাবিক হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় বীর ঘোষণা করা এবং তার মরদেহ দেশে ফিরিয়ে আনা, অপর ২৮ নাবিককে দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা, রকেট হামলার পর সাহসিকতা ও বীরত্বের সঙ্গে আগুন নিভিয়ে জাহাজ রক্ষাকারী নাবিকদের রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার দেওয়া।

সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলে বলা হয়, জাহাজটি জেনে বুঝে কেন যুদ্ধকবলিত দেশে প্রবেশ করল। যেখানে ১৫ ফেব্রুয়ারি ‘জয়েন্ট ওয়ার কমিটি’ কর্তৃক জায়গাটিকে যুদ্ধকবলিত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে ২২ ফেব্রুয়ারি জাহাজটি অলভিয়া বন্দরে কেন নোঙ্গর করল? বিধিমালা অনুযায়ী কোনো জাহাজ কোম্পানি তার জাহাজের নিরাপত্তার জন্য যুদ্ধকবলিত এবং জলদস্যুপ্রবণ এলাকায় জাহাজ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এ ক্ষেত্রে বিএসসির পক্ষ থেকে কে জাহাজটিকে যুদ্ধকবলিত এলাকায় যাওয়ার নির্দেশ দিল? এসব বিষয় তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করে মেরিন অফিসারদের সংগঠন। নাবিকদের জাহাজ থেকে উদ্ধারের বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যখন স্বউদ্যোগে নাবিকদের উদ্ধারের জন্য বিভিন্ন উপায় খুঁজছিলাম তখন একটি বেসরকারি সংস্থা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে পাশর্^বর্তী দেশের দূতাবাসে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হয় এবং তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে এই সংস্থা নাবিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করে। তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএমএমওএ’র ভাইস প্রেসিডেন্ট মেরিন ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, সহসাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. গোলাম জিলানি ও মো. ইফতেখার আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত বাংলার সমৃদ্ধি জাহাজটি রকেট হামলার শিকার হয়। এ ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। জীবনঝুঁকিতে পড়েন জাহাজের সব নাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত