মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও নির্বাচনী পরবর্তী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে কাওসার দর্জি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয় ১০/১৫ জন।
শনিবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কাওসার দর্জি উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দর্জির ছেলে।
জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ইকবাল দর্জি ও আলিম দর্জি প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ইকবাল দর্জি জয়লাভ করেন। নিহত কাওসার দর্জি ইকবাল দর্জির সমর্থক ছিলেন। শনিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিম দর্জির সমর্থক ও ইকবাল দর্জির সমর্থকদের সংঘর্ষ বাধে।
ঘটনার সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষের একপর্যায়ে আলিম দর্জির সমর্থকেরা কাওসার দর্জিকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, গুরুতর জখম অবস্থায় কাওসার দর্জি নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ঘটমাঝি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল দর্জি জানান, নির্বাচনে পরাজিত হয়ে আলিম দর্জি ও তার সমর্থকেরা হিংস্র হয়ে উঠেছে। তাই আজ তার ভাইয়ের ছেলে এনামুলসহ কয়েকজন কাওসারকে কুপিয়ে হত্যা করেছে।
অন্যদিকে পরাজিত ইউপি সদস্য আলিম দর্জির মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, দু’পক্ষের সংঘর্ষে এক যুবক মারা গিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।
