ঝিনাইদহে কলেজছাত্রীকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০১:৫০ পিএম

ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমি অপহরণের প্রতিবাদ ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার সহপাঠীরা।

রবিবার সকালে শহরের কেজি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রমির বাবা আশরাফুদ্দৌলা খোকন জানান, শনিবার বিকেলে প্রমি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন। ঝিনাইদহ শহরের নিউ একাডেমি স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওৎপেতে থাকা শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেই সময় প্রমি আত্মচিৎকার করেছে। কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। আমি আমার মেয়েকে ফেরত চাই। আমি গাফফারের শাস্তি চাই।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রমিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, অপহরণের ঘটনায় থাকায় একটি মামলা হয়েছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত