দেশ রূপান্তর দায়িত্বশীল ভূমিকা পালন করছে: বগুড়া এসপি

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৫:১৭ পিএম

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষ দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাত্র তিন বছরের ব্যবধানেই দেশ রূপান্তর পাঠক সমাজে দৃঢ় অবস্থান তৈরি করেছে। দায়িত্বশীলতার স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিকটি সত্যিই নিজেরাও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সহসভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বগুড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বাংলাভিশনের ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান ও আরিফ রেহমান, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, বগুড়া ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা প্রমুখ।

অন্য বক্তারা বলেন, করোনার সময়ে যখন অন্য পত্রিকাগুলো বন্ধ ছিল, তখনো এই পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

বক্তারা পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত