মোদি-জেলেনস্কি ৩৫ মিনিটের ফোনালাপ: যে কথা হলো দুই নেতার

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৭:১০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথা বলেছেন এবং সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য তার সহযোগিতা চেয়েছেন। প্রায় ৩৫ মিনিট ধরে দুই নেতার মধ্যে আলোচনা চলে।

সংবাদ সংস্থা এএনআই ভারত সরকারের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।

এই আলোচনার সময় নরেন্দ্র মোদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনারও প্রশংসা করেন।

যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট যে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুমিতে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনতে জেলেনস্কির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

এখনও প্রায় ৭০০ ভারতীয় ছাত্র ইউক্রেনের ওই শহরে আটকা পড়ে আছেন।

এর আগে সোমবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর অনুরোধে কয়েক ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া। মূলত শহর ছেড়ে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মানব করিডর তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই এই সাময়িক যুদ্ধবিরতি।

এ নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে। এর আগে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর করার পরপরই ২৬ ফেব্রুয়ারি মোদী কথা বলেছিলেন জেলেনস্কির সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত