গোপালগঞ্জের মুকসুদপুর সড়ক দুর্ঘটনায় সুপর্ণা মজুমদার (৩৫) নামে ব্র্যাকের নারী কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদভিটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার স্বত্বতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্র্যাক এনজিওর বাটিকামারী শাখার দুই কর্মী কামরুল ও সুপর্ণা মজুমদার মোটরসাইকেলযোগে হলুদভিটা থেকে বাহাড়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সুপর্ণা মজুমদার গোপালগঞ্জ সদরের জয়ান্তো মজুমদারের স্ত্রী।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুপুর থানা-পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নিবে। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
