কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মীর হোসেন (৪৫) নামে এক চা দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌন নির্যাতনের শিকার শিশু দুটির (৭ ও ৮ বছর) মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মীর হোসেন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শিশু দুটি রঘুরামপুর বাজারে অভিযুক্ত মীর হোসেনের চায়ের দোকানে চিপস কিনতে যায়। এ সময় সে ওই শিশু দুজনকে চিপস ও চকলেট দেওয়ার কথা বলে চায়ের দোকানে নিয়ে যৌন নির্যাতন করে। পরে বিষয়টি জানতে পেরে শিশুদের মা মুরাদনগর থানায় এসে অভিযোগ করেন।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ‘নির্যাতনের শিকার শিশু দুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (আজ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’
