বনানীতে জিএম কাদের

নারীর সমঅধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:২১ এএম

নারীর সমঅধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘দেশে মোট জনগোষ্ঠীর মধ্যে অর্ধেক নারীসমাজ যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অথচ আমাদের দেশের নারীসমাজ সবক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে লাগাতে হবে।’

গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টি আয়োজিত এক আলোচনা সভা এবং নবগঠিত জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হলে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোটার মধ্যে আবদ্ধ থেকে নয়, নিজেদের যোগ্যতা দিয়েই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। বর্তমানে সব ক্ষেত্রেই নারীরা ভালো করছে। তারা শিক্ষাদীক্ষায় পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে ভালো করছে, রাজনীতিতে ভালো করছে, প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দিচ্ছে। এমনকি দেশ রক্ষার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরও তাদের পিছিয়ে থাকার কারণ থাকতে পারে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত