চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খোলা ট্রাকের ওপর অস্থায়ী প্যান্ডেল স্থাপন করে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আসলে পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। তখন দুপক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করে। বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
