কাশিয়ানীতে ‘ফোনে ডেকে নিয়ে’ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ মার্চ ২০২২, ০১:৪৪ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে একটি বাঁশ ঝাড়ের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানীর চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে বিবস্ত্র অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রায়হান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানিয়েছেন, রবিউল শেখকে গতকাল বুধবার সন্ধ্যায় তার খালাতো ভাই একই উপজেলার বাঘিয়া গ্রামের কোবাদ শেখ ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বাড়ির লোকজন আর তাকে খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার সকালে ওই গ্রামের বলরাম বিশ্বাসের বাঁশ ঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক নিহতের বাড়িতে খবর দেয়।

এলাকাবাসী জানায়, বিগত ২০০০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হয়। এ ঘটনায় আপন খালাতো ভাই রবিউল শেখ ও তার ভাইদের আসামি করা হয়। মামলাটি এখন আদালতে বিচারাধীন রয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রায়হান খুনের ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে জানান। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত