যুদ্ধের বাস্তব ছবি দেখাতে জীবনের ঝুঁকি নিলেন যে তরুণী!

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৩:৫৭ পিএম

যুদ্ধবিধ্বস্ত শহর ছেড়ে চলে গিয়েছেন বন্ধু-পরিজনদের প্রায় সকলেই। কিন্তু রয়ে গিয়েছেন তিনি। রুশ সেনাদের লাগাতার ক্ষেপণাস্ত্র আর বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের চেরনিহিভের মাটির তলার এক বাঙ্কারে বাবা, মা আর পোষ্য কুকুর টরির সঙ্গে আশ্রয় নিয়েছেন ইউক্রেনীয় ফটোগ্রাফার ভ্যালেরিয়া শাশেনোক।

রুশ বোমার ভয় উপেক্ষা করে গত কয়েক দিন ভেঙে পড়া বাড়ি, ধসে যাওয়া রাস্তা, টুকরো হয়ে যাওয়া সেতুর মধ্যে দিয়ে ঘুরে চলেছেন ভ্যালেরিয়া। আর ভ্লাদিমির পুতিন-বাহিনীর ধ্বংসলীলার নানা ছবি এবং ভিডিও ইন্টারনেটে পোস্ট করে চলেছেন ধারাবাহিক ভাবে। তুলে ধরছেন, এখনও শহরে থেকে যাওয়া সহ-নাগরিকদের কথা। তার সেই ক্যামেরাবন্দি অভিজ্ঞতা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

কিন্তু কেন জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া চেরনিহিভের ছবি দুনিয়াকে দেখাচ্ছেন ভ্যালেরিয়া? তার জবাব, ‘আমি মনে করি, যুদ্ধের বাস্তব ছবিটা ঠিক কেমন, তা লোকেদের দেখানো প্রয়োজন। এটাই আমার মিশন। এই হল বাস্তব জীবন, এবং আমি এখানে আছি’।

চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে পালিয়ে না গিয়ে শাশেনোক বরং যুদ্ধকে শিল্পের উপজীব্য করে তুলেছেন।

শাশেনোক তার দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরতে টিকটককেও ব্যবহার করছেন। টিকটকে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, কিছু ভিডিও লাখ লাখ ভিউ পেয়েছে।

একটি ভিডিওতে শাশেনোককে ইউক্রেনের জনপ্রিয় ‘চে লা লুনা’ গানের সঙ্গে নাচতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘বোমা শেল্টারে আমার সাধারণ দিন’। ভিডিওতে আরও দেখা যায়, তিনি হেয়ার ড্রায়ারের মতো একটি হিট গান ব্যবহার করছেন। তার কুকুর কম্বলের নীচে লুকিয়ে আছে। তার মা মেঝেতে একটি পাত্রে রান্না করছেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শাশেনোক একটি ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে বলা হয়েছে, ‘আজ পুতিন আমার শহরের একটি পুরানো ভবন ধ্বংস করেছেন। এটি একটি সিনেমা হল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও বেঁচে গিয়েছিল’।

আরেকটি ভিডিওতে, তাকে একটি মুদি দোকানের খালি তাক প্রদর্শন করতে দেখা যায়। ক্যাপশনে লেখা, ‘যদি আপনি ইউক্রেনের যুদ্ধের সময় কোনো সুপারমার্কেটে খাবার কিনতে চান’।

গত রবিবার যখন সিএনএন-এর পামেলা ব্রাউন তাকে জিজ্ঞেস করছিল যে কেন তিনি টিকটকে এই ভিডিওগুলো পোস্ট করা শুরু করেছেন, তখন শাশেনোক বলেন, ‘আমি মনে করি বাস্তব জীবন আসলে দেখতে কেমন তা লোকেদের দেখানোই আমার মিশন। এই হল বাস্তব জীবন, এবং আমি এখানে আছি’।

শাশেনোক বলেন, ‘রাশিয়ার অনেক মানুষও আমাকে লিখেছেন যে আমরাও আপনার সঙ্গে আছি। রাশিয়ায় প্রচুর ভুয়া খবর প্রচার করা হচ্ছে। এবং বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না যে ইউক্রেনে আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। আমার লক্ষ্য হল সমগ্র বিশ্বকে দেখানো যে, যুদ্ধ এখন বাস্তব জীবনে ঘটছে, এবং আপনি এখন টিকটকে যুদ্ধ দেখতে পাচ্ছেন’।

ক্রমবর্ধমান তারকাখ্যাতি সত্ত্বেও শাশেনোক তার দেশের ভাগ্য নিয়ে চিন্তিত। তিনি বলেন, ‘প্রতিদিন আমি একটি আশা নিয়ে বেঁচে থাকি যে আগামীকাল যুদ্ধ শেষ হবে, কিন্তু সবকিছু আরও খারাপ হচ্ছে’। শাশেনোক বলেন, ‘সবাই তাদের জীবনের জন্য ভয় পাচ্ছে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত