তিন মাস আগে ভারতের গোয়ায় তোড়জোড় চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সবকিছু ছাপিয়ে গোয়ায় বিজেপিই ক্ষমতায় আসছে। যদিও তাদের সরকার গঠনে আরো একটি আসনের দরকার। স্বতন্ত্র থেকে একজনকে নিয়ে তারাই সরকার গঠন করছে গোয়ায়। খবর আনন্দবাজার
বৃহস্পতিবার বেলা তিনটের দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। গোয়া বিধানসভা ভোটে ৪০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০টি, কংগ্রেস ১১টি, কংগ্রেসের জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টি ১টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) ২টি, অরবিন্দ কেজরীবালের আপ ২টি, স্বতন্ত্র পেয়েছে ৪টি। কোনো আসন পায়নি তৃণমূল কংগ্রেস।
সরকার গঠনের বিষয়ে রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইয়ের কাছে যাচ্ছে বিজেপি।
গোয়ায় বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সবান্ত বলেছেন, ‘এই জয়ের কৃতিত্ব দলের কর্মীদের। গোয়ায় বিজেপি সরকার গড়ছে। বৃহস্পতিবার বিকেলেই সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করব।
২০১৭ সালের গোয়া বিধানসভা ভোটে ১৩টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে। এমজিপি জিতেছিল ৩টি আসনে। গোয়া ফরওয়ার্ড পার্টি এবং নির্দলরা পেয়েছিল ৩টি করে আসন। শরদ পাওয়ারের এনসিপি পেয়েছিল ১টি আসন।
পাঁচ বছর আগের বিধানসভা ভোটে ১৭টি আসন পেয়ে একক গরিষ্ঠতা নিয়েও শেষ পর্যন্ত সরকার গড়তে পারেনি কংগ্রেস। মাত্র ১৩টি আসন পেয়েও দীপক ধাভেলিকরের নেতৃত্বাধীন এমজিপি পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি এবং নির্দল বিধায়কদের নিয়ে সরকার গড়েছিল বিজেপি। গোয়ার মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা তথা তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। ক্যানসারে তার অকালমৃত্যুর পর গোয়ায় বিজেপি মুখ্যমন্ত্রী করেছিল প্রমোদকে।
