জয়পুরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল-যুবদলের আট নেতাকর্মী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে রেললাইনের ওপরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী (৩০), থানা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান (৩৫), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর (২৮), জেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আজিজুল (৪০), শহর শাখার যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার (৪১), জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদলের সদস্য রাজিব (৩০), ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম সম্পাদক সাগর (২১) ও আহাদ আলী (২১)।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কোন্দলের জের ও সম্প্রতি ফেইসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে রেললাইনের ওপরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি-যুবদল-ছাত্রদলের আট নেতাকর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে রেজভী, মেহেদী ও আমিনুরের অবস্থার অবনতি হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জয়পুরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আটজন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক বলেন, দলের পদ-পদবি না পেয়ে উচ্ছৃঙ্খল একটি গ্রুপ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
