নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে উৎসব চত্বরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। করোনা মহামারীর কারণে এ বছর উৎসব ১৯ দিন পিছিয়ে গত ২২ ফেব্রুয়ারিতে শুরু করা হয়েছে।
গতকাল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। বাড়তি মানুষের চাপে উৎসব প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় ছিল প্রচন্ড ভিড়। ভিড়ের কারণে উৎসব এলাকার আশপাশ সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। উৎসবে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম জানান, মাসব্যাপী এ লোকজ উৎসবে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের প্রচন্ড ভিড় থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ফাউন্ডেশনের নিজস্ব লোকবলের মাধ্যমে এ ভিড় সামলাতে হচ্ছে।
