বরগুনায় শয়নকক্ষে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৩:১৭ পিএম

বরগুনার বেতাগীতে নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার মনির হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগম (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নার সঙ্গে আসলামের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করেন। আসলাম তার মা এবং স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন।

বৃহস্পতিবার আসলামের মা পারভীন আক্তার তার বাবার বাড়ি বেড়াতে যান। শনিবার সকালে প্রতিবেশীরা আসলাম দম্পতির সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের দোতলায় তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আসলামের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে তাদের সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।

ঘটনাস্থলে আসা বেতাগী থানা-পুলিশের উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। রহস্য উন্মোচনে সিআইডি টিম বিষয়টি তদন্ত করছেন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী সার্কেল) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত