ধর্ষণের শিকার বাবা-মা হারা স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:০১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের শিকার বাবা-মা হারা এক স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। ধর্ষণের শিকার হওয়ার পর ঘটনাটি সালিসে মীমাংসার চেষ্টা করলে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

শনিবার ভোরে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

জানা যায়, ওই কিশোরীর বাবা-মা দুজনেই মারা যাওয়ার পর মামার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে আসছিলেন। তার মামা বাড়ির পার্শ্ববর্তী ফতেনগর গ্রামের ওমর ফারুকের (২২) সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়।

গতকাল শুক্রবার ভোরে ওমর ফারুক কিশোরীর বাড়িতে এসে তার সঙ্গে দেখা করেন। এ সময় ওই কিশোরীকে ধর্ষণ করেন ফারুক। পরে কিশোরীর চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন এসে ফারুককে আটক করেন।

বিষয়টি সালিসে মিটমাট করা হয়। ওই কিশোরীকে বলা হয় ফারুককে বিয়ে করতে। কিন্তু ফারুকের স্ত্রী ও দুই সন্তান থাকায় বিয়েতে রাজি হয়নি ভুক্তভোগী কিশোরী।

পরে শনিবার ভোরে কিশোরী ধর্ষণের অপবাদ সইতে না পেরে নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, কিশোরীর মামা বাদী হয়ে ওমর ফারুককে আসামি করে একটি মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হলে শনিবার বিকেলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত