বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসনা মওদুদ।
তিনি বলেন, ‘মওদুদ করোনায় মারা যাননি। তার অসুখ ধরা যায়নি। আমি শুনেছি, তাকে মেরে ফেলা হয়েছে। আমাকেও হয়তো কেউ মেরে ফেলবে।’
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এমন অভিযোগ করেন হাসনা মওদুদ।
হাসনা মওদুদ বলেন, ‘মওদুদ সাহেবের শূন্য স্থান আমি শূন্য হতে দেব না। আমি তার স্বপ্ন বাস্তবায়ন করব। আমার নোয়াখালী-৫ আসনের গরিব মানুষের পাশে থাকব। আমি চেষ্টা করব, মওদুদ যেভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে গেছেন, সে রকম করেই আমার এলাকায় সেবা করব।’
সভায় মওদুদ আহমদকে স্মরণ করে বক্তব্য দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল মতিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন, সংগীত ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী, সিপিডি’র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।
