বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ভাষাসৈনিক অ্যাডভোকেট দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী আজ। ১৯২২ সালের ১৩ মার্চ এই দিনে তিনি ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী বামুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। কিংবদন্তি এই ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতিই শুধু নন, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদেরও একজন।
১৯৪৮ থেকে ১৯৫২-এর ভাষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে ঢাকা এবং উত্তরাঞ্চলের সবকটি জেলায় ভাষা আন্দোলনসহ পাকিস্তানবিরোধী সবক’টি আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল অগ্রগণ্য। এর আগে মাধ্যমিক স্কুলের ছাত্রাবস্থায় তিনি উত্তরাঞ্চলে ভূমিহীন কৃষকদের আন্দোলনেও শক্তভাবে অংশগ্রহণ করেছিলেন।
তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজের বিএ ক্লাসের ছাত্র থাকা অবস্থায় ঢাকায় গণতান্ত্রিক যুবলীগের সম্মেলনে যে আগুনঝরা বক্তব্য দিয়েছিলেন তাতে বঙ্গবন্ধুসহ অন্য ছাত্রনেতাদের নজরে পড়েন দবিরুল ইসলাম। জেলে অন্তরীণ থাকা অবস্থাতেও বঙ্গবন্ধু তাকে ছাত্রলীগের প্রথম সভাপতি বানিয়েছিলেন।
