বাবর চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন শোয়েব মালিক

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০৪:৫০ পিএম

গত ফেব্রুয়ারিতে চল্লিশে পা রেখেছেন। এই বয়সে ক্রিকেটারদের সময় কাটে মাঠের বাইরে। তবে এই বয়সেও নিজেকে ‘বুড়ো’ মনে করছেন না শোয়েব মালিক। তরুণদের সঙ্গে এখনো সমানতালে খেলে যাচ্ছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

বয়সের কারণে অন্যরা যদি তাকে দলের বোঝা মনে করেন, তবে শোয়েব ভাবেন ভিন্ন কিছু। তিনি মনে করেন, এখনো টি-টোয়েন্টি খেলে যাওয়ার যাওয়ার সামর্থ্য আছে তার। নিজেকে কিছুতেই দলের বোঝা ভাবেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক।

ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমার বয়স যতই হোক, কেউ বলতে পারবে না যে আমি দলের জন্য বোঝা। আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে।’

শোয়েব জানান, অধিনায়ক বাবর আজম যদি চান তবে তিনি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘আমি বিশ্বকাপ খেলবই― এমনটা ধরে রাখিনি। কারণ আমি সম্মানের সঙ্গে অবসর নিতে চাই। যদি বাবর (আজম) আমাকে খেলতে বলে তাহলে আমি খেলব। অন্যথায় আমি সম্মানের সহিত অবসর নিয়ে নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত