লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে জিতলেও নিজেদের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছে পিএসজির খেলোয়াড়দের। দর্শকদের প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি ও নেইমার।
রবিবার পার্ক দেস প্রিন্সেসে ৩-০ গোলে জয় তুলে নেয় পিএসজি। কিলিয়ান এমবাপের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন। অন্য গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে পিএসজি। দুই লেগ মিলে ফলাফলের ভিত্তিতে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে প্যারিসের ক্লাবটিতে। দর্শকেরা সেই ক্ষোভই এদিন উগরে দিয়েছেন মেসি-নেইমারদের ওপর।
এদিনের জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে ব্যবধান বাড়িয়ে ১৫-তে নিয়েছে শীর্ষে থাকা পিএসজি। ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট মাউরিসিও পচেত্তিনোর দলের। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিস।
