রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার দিকে আফরোজা (৩২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এদিন দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকার একটি বাসা থেকে সাদিয়া আক্তার ইতি (২৭) নামে আরেক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ধানম-িতে একটি টেইলার্সের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মালিক মহাসিন রেজার (৩৫) লাশ।
বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, গতকাল রাতে উত্তর বাড্ডার ভাড়া বাসায় তার রক্তাক্ত মরদেহ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান তিনি।
কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে জানান, মুরাদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মেহেদী হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। দুই সন্তানের জননী সাদিয়া। তার স্বামী নয়নের সঙ্গে কয়েক মাস আগে ছাড়াছাড়ি হয়েছে।
ধানম-ি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ জানান, গতকাল দুপুরে টেইলার্সের ভেতর থেকে মহাসিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিনাপুকুরিয়া গ্রামে।
