সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মো. আতাহারুল ইসলাম ও বিদেশে পলাতক রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফাস (এফএএস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ওই টাকা আত্মসাতের অভিযোগে গতকাল রবিবার সংস্থাটির উপপরিচালক মো. রাকিবুল হায়াত দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। দুদকের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।
পিকে হালদারের বিরুদ্ধে অন্তত ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠার পর এখন পর্যন্ত ৩১টি মামলা করেছে দুদক।
মামলার অন্য আসামিরা হলেনÑসুখাদা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান রতন কুমার সমাদ্দার ও এমডি অভিতাভ অধিকারী, ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাবেক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল শাহরিয়ার, পরিচালক এম এ হাফিজ, কাজী মাহজাবিন মমতাজ, সোমা ঘোষ, ডা. উদ্দাব মল্লিক, অরুণ কুমার কু-ু, অঞ্জন কুমার রায়, প্রদীপ কুমার নন্দী, ফাস ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক বীরেন্দ্র কুমার সোম, সিনিয়র অফিসার মৌসুমী পাল, ম্যানেজার আহসান রাকিব, প্রাক্তন সিনিয়র অফিসার তাসনিয়া তাহসিন রোজালিন, ফাস ফাইন্যান্সের ভিপি ও আইসিসি অ্যান্ড রিকভারি হেড মো. মনির হোসেন, সাবেক ভিপি ও সিএফও মো. মনিরুজ্জামান আকন্দ, সাবেক এসভিপি ও এসএমই প্রধান মো. আজিমুল হক এবং সাবেক এসইভিপি ও সিএডির প্রধান প্রাণ গৌরাঙ্গ দে।
এজাহারে বলা হয়, আসামিরা প্রতারণা-জালিয়াতির মাধ্যমে সুখাদা প্রোপার্টিজ নামে একটি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানকে ফাস ফাইন্যান্স থেকে ৪০ কোটি ঋণ অনুমোদন করেন। এরপর বিভিন্ন সময়ে ৩৬ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ৮৯৫ টাকা আত্মসাৎ করেন।
