নওগাঁয় তিনজনকে হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৩:২৮ পিএম

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলার রায়ে ৯ ব্যক্তির মৃত্যুদণ্ড এবং এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ওই আদালতের এপিপি মোজাহার আলী জানান, জমিজমা সম্পর্কিত ধারাবাহিক শত্রুতার জের ধরে ২০১৪ সালের ৬ জুন বিকেল সাড়ে ৩টায় বদলগাছি উপজেলার উজালপুর গ্রামে বিবদমান দু’পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়।

এ সময় প্রতিপক্ষের হাতে একই গ্রামের মো. শহিদুল ইসলাম দুলু, মো. আমজাদ হোসেন এবং আব্দুল ওয়াদুদ নামের তিন ব্যক্তি নিহত হন।

এ ব্যাপারে বদলগাছি থানায় নিহত শহিদুল ইসলাম দুলুর ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে মোট ২৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

পুলিশ তদন্ত করে ২ জনকে বাদ দিয়ে মোট ২২ জনের নামে অভিযোগপত্র আদালতে পেশ করে। পরবর্তীতে চার্জশিটভুক্ত ২ আসামি মারা যান। এর ফলে ২০ জন আসামির বিরুদ্ধে আদালতে বিচারকার্য শুরু হয়।

দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে বিচারক এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উজালপুর গ্রামের মৃত নাসিরের ছেলে সাইদুল ইসলাম ও আজিজুল হক, আবুল হোসেনের ছেলে জালাল হোসেন, হেলাল হোসেন ও বেলাল হোসেন, হাশেম আলীর ছেলে জায়েদ হোসেন, মজগর আলীর ছেলে আবুল হোসেন, মৃত কালু মন্ডলের ছেলে মোস্তফা আলী এবং সাইদুল ইসলামের ছেলে সোহাগ আলী। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ওই গ্রামের মৃত মছিরের ছেলে হাশেম আলী। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জায়েদ আলী ও মোস্তফা পলাতক রয়েছে।

এ মামলার অপর ১০ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে ওই আদালতের এপিপি অ্যাডভোকেট মোজাহার আলী এবং আসামি পক্ষে অ্যাডভোকেট রেজাউল ইসলাম বাচ্চু মামলাটি পরিচালনা করেন। রায়ে নিহতদের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত