অজিদের সামনে ধুঁকছে পাকিস্তান, একাই লড়ছেন বাবর

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৪:১৪ পিএম

করাচি টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে বিপদে পড়েছে পাকিস্তান। ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসা স্বাগতিকেরা দলীয় তিন অঙ্কের ঘরে পা রেখেছে বাবর আজমের ব্যাটে ভর করে।

সতীর্থদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে একাই লড়ছেন পাকিস্তানি অধিনায়ক। চা বিরতিতে যাওয়ার আগে ৭ উইকেটে ১০০ রান করেছে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন বাবর (২৯) ও হাসান আলী (০)। পাকিস্তান এখনো পিছিয়ে আছে ৪৫৬ রানে।

এর আগে, তৃতীয় দিনে এসেও অজিদের অলআউট করতে পারেনি তারা। ৯ উইকেটে ৫৫৬ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ৮ উইকেটে ৫০৫ রানে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে ৯ম উইকেট হিসেবে ফেরেন মিচেল স্টার্ক। তবে এরপর ৫২ বলে ৫১ রানের জুটি গড়েন দুই পেসার অধিনায়ক প্যাট কামিন্স (৩৪) ও অভিষিক্ত মিচেল সুয়েপসন (১৫)।

আগেরদিন ৭ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তার আগে ওপেনার উসমান খাজার ১৬০ রানের মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে রান পাহাড়ের আভাস দেয় অজিরা। হলোও তাই।

সেই পাহাড়েই চাপা পড়ল পাকিস্তান। প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৪০ ওভার ব্যাট করেছে তারা। তাতেই বিধ্বস্ত স্বাগতিকেরা। স্টার্ক একাই নিয়েছেন তিন উইকেট। বাবর ছাড়া কেবল দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন প্রথম তিন ব্যাটার আবদুল্লাহ শফিক (১৩), ইমাম-উল-হক (২০) ও আজহার আলী (১৪)। 

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। করাচিতে চলছে দ্বিতীয় টেস্ট। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুই যুগ পর পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত