প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণসভায় পল্লীকবি জসীমউদ্দীনকে নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন কবির মেয়ে হাসনা মওদুদ।
মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বলেছেন, ‘আমার পিতা জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ। কিন্তু আজ তার স্মৃতি স্মরণ করা হয় না।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি তার বাবাকে নিয়ে এই আক্ষেপ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি গতকাল (রবিবার) একটি স্মরণসভায় বলেছিলাম যে মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে। মওদুদ আহমদের মৃত্যুর কারণ কোভিড বলা হলেও আমাদের কোনো দিন কোভিড হয় নাই। উনি অনেক নিয়ম মেনে চলতেন। একদিন প্রমাণ হবে তাকে কারা হত্যা করেছে।’
হাসনা মওদুদ বলেন, ‘মওদুদ আহমদ ১৫টা বই লিখে গেলেও দুটি বই প্রকাশ করা হয়নি। দেশ বা বিদেশ যে কোনো জায়গা থেকে এই দুটি বই প্রকাশ করা হবে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পল্লিকবি জসিমউদ্দীন ও মওদুদ আহমদের নামে দুটি চেয়ার ও ট্রাস্ট ফান্ড করার জন্য সহ-উপাচার্যের কাছে যাবেন বলে অনুষ্ঠানে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী।
