পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে এক জেলে মারা গেছেন। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছেন আরও ১১ জেলে। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমে) প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুশীল দাস (৫০) বরিশাল জেলার বানিপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার বাসিন্দা। জেলেরা ট্রলারে মাছ ধরতে গিয়ে পটকা মাছ খেলে এ ঘটনা ঘটে।
ওই ট্রলারে থাকা সমীর দাস বলেন, ‘গতকাল দুপুরে ২৫ জন জেলে আলাদা দুটি ট্রলারে করে সুন্দরবন থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলাম। এর মধ্যে আমাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন পটকা মাছ খেয়ে দুপুরে অস্স্থু হয়ে পড়ে। আমাদের সঙ্গে থাকা অন্য জেলেরা অসুস্থদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন হাসান বলেন, ‘পটকা মাছ খেয়ে অসুস্থ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশীল দাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।’
